রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জনপ্রিয় অভিনেতা শামস সুমন। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কার্ডিয়াক অ্যারেস্টে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। জানা যায়, দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন এই অভিনেতা।
ক্যারিয়ারের ব্যস্ততা কমে যাওয়ার পর তিনি একটি বেসরকারি রেডিওতে চাকরি করতেন। তবে চাকরির পাশাপাশি অভিনয় চালিয়ে যান নিয়মিত। সর্বশেষ তাকে মিশন এক্সট্রিম সিনেমায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গেছে, যা পরিচালনা করেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।
অভিনয়ে অসামান্য অবদানের জন্য ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জয়যাত্রা, ‘বিদ্রোহী পদ্মা’, ‘নমুনা’, ‘হ্যালো অমিত’, ‘আয়না কাহিনী’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘মন জানেনা মনের ঠিকানা’, ‘কক্সবাজারে কাকাতুয়া’ এবং ‘চোখের দেখা’।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
