যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নতুন একটি নাম জোরালোভাবে আলোচনায় এসেছে। কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা মুশফিকুল ফজল আনসারীকে লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
সম্প্রতি যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহারের পর থেকেই তার উত্তরসূরি নিয়ে কূটনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। সেই আলোচনায় কয়েকটি নাম সামনে এলেও শেষ পর্যন্ত মুশফিকুল ফজল আনসারীকেই এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের অনেকে।
তবে এই দৌড়ে আরেকটি নামও রয়েছে। তিনি হলেন রাশিয়ায় নিযুক্ত সহকারী রাষ্ট্রদূত ফয়সল আহমেদ। যদিও কূটনৈতিক মহলের একটি বড় অংশের ধারণা, শেষ পর্যন্ত মুশফিকুল ফজল আনসারীর পক্ষেই সিদ্ধান্ত যেতে পারে।
এর আগে কিছুদিন আগে হাইকমিশনার আবিদা ইসলামকে লন্ডন থেকে প্রত্যাহার করা হয়। তার বিরুদ্ধে দায়িত্ব পালনকালে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ ওঠে। পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিভাজন সৃষ্টির অভিযোগও সামনে আসে।
সমালোচকদের দাবি, বিভিন্ন কর্মকাণ্ডে তিনি রাজনৈতিক পক্ষপাত দেখিয়েছেন এবং দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হলেও শুরু থেকেই অভিযোগ ছিল যে, পূর্ববর্তী বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় তিনি দলটির প্রতি অতিরিক্ত আনুগত্য দেখিয়েছিলেন।
তবে যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার নিয়োগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।
