ইরানে প্রাণঘাতী বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন সর্বোচ্চ নেতা খামেনি

অনলাইন ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাম্প্রতিক প্রাণঘাতী বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র ও ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন। শনিবার দেওয়া এক ভাষণে তিনি বলেন, দেশে যে প্রাণহানি, ক্ষয়ক্ষতি ও অপপ্রচার হয়েছে তার পেছনে বিদেশি শক্তির ভূমিকা রয়েছে। খামেনি স্বীকার করেন, সাম্প্রতিক অস্থিরতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে কেউ কেউ “অমানবিক ও নৃশংসভাবে” প্রাণ হারিয়েছেন। তবে এসব মৃত্যুর দায় তিনি সরকারের ওপর না দিয়ে যাদের তিনি “সিডিশনিস্ট” বা রাষ্ট্রবিরোধী উসকানিদাতা হিসেবে বর্ণনা করেন, তাদের ওপর চাপান।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তাহলে সামরিক হস্তক্ষেপের পথও খোলা থাকতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ইরানিয়ান হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি বা এইচআরএএনএ জানিয়েছে, গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত ৩ হাজার ৯০ জন নিহত হয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে এই আন্দোলন দেশটির সর্বোচ্চ নেতার শাসনের অবসান দাবিতে রূপ নেয়।

ইরান সরকার এসব বিক্ষোভকে “দাঙ্গা” হিসেবে আখ্যা দিয়ে বলছে, এটি দেশের শত্রুদের মদদে পরিচালিত। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিয়েছে এবং বহু জায়গায় প্রাণঘাতী শক্তি প্রয়োগ করা হয়েছে। একই সঙ্গে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থায় প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে সহিংসতার খবর কিছুটা কম পাওয়া গেলেও ইন্টারনেট সীমাবদ্ধতার কারণে দেশের ভেতরের প্রকৃত পরিস্থিতি এখনো স্পষ্ট নয়।