নিউজ রিপোর্ট: উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে গত বছর যুক্তরাজ্যে পাড়ি জমান সিলেটের তরুণ শাকিল। তবে আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় জীবিকার তাগিদে তিনি লন্ডনে ফুড ডেলিভারি কাজে যুক্ত হন।
গত বুধবার (১৪ জানুয়ারি) লন্ডনের কর্মাশিয়াল রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন শাকিল। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারের দরজা হঠাৎ খুলে গেলে সাইকেল আরোহী শাকিল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। ঠিক সেই সময় পেছন দিক থেকে আসা একটি লরি তাকে চাপা দেয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত জরুরি সেবায় খবর দিলে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে শাকিলকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেন।
অবশেষে সোমবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় রাতে চিকিৎসাধীন অবস্থায় শাকিল মারা যান। তার অকাল মৃত্যুতে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও শোকাহত পরিবেশ বিরাজ করছে।
এ ঘটনায় স্থানীয় পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে বলে জানা গেছে।
