হিথ্রোতে নিরাপত্তা নিয়মে বড় পরিবর্তন: ২ লিটার তরল বহন ও ব্যাগে রেখেই ল্যাপটপ স্ক্যানের সুবিধা

লন্ডন: ব্রিটেনের সবচেয়ে বড় বিমানবন্দর হিথ্রোতে যাত্রী নিরাপত্তা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এসেছে। নতুন প্রজন্মের উচ্চপ্রযুক্তির সিটি (CT) স্ক্যানার পুরোপুরি চালু হওয়ায় এখন যাত্রীরা হ্যান্ড লাগেজে সর্বোচ্চ ২ লিটার পর্যন্ত তরল রাখতে পারবেন। নিরাপত্তা চেকের সময় ল্যাপটপসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস আর ব্যাগ থেকে বের করতে হবে না এবং তরলের জন্য আলাদা স্বচ্ছ প্লাস্টিক ব্যাগ ব্যবহারের বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়েছে।

হিথ্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সব টার্মিনালে একযোগে এই নতুন স্ক্যানার চালু করার মাধ্যমে হিথ্রো বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর হিসেবে এই প্রযুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করলো। তবে যুক্তরাজ্যে এটি প্রথম নয়। এর আগে গ্যাটউইক, এডিনবরো ও বার্মিংহাম বিমানবন্দরে এই প্রযুক্তি চালু হয়ে তরল বহনের সীমা ২ লিটারে উন্নীত করা হয়েছিল। ব্রিস্টল ও বেলফাস্ট বিমানবন্দরেও একই নিয়ম কার্যকর হয়েছে।

বর্তমানে যুক্তরাজ্যের অধিকাংশ বিমানবন্দরে যাত্রীরা ১০০ মিলিলিটার পর্যন্ত তরল ব্যাগে রেখেই স্ক্যান করাতে পারছেন, যদিও কিছু বিমানবন্দর নতুন স্ক্যানার বসালেও পরিবহন মন্ত্রণালয় (DfT)-এর চূড়ান্ত অনুমতির অপেক্ষায় থাকায় এখনো ১০০ মিলিলিটারের সীমা বজায় রেখেছে।

ভোক্তা অধিকার সংগঠন ‘উইচ?’-এর এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন স্ক্যানারগুলোর উচ্চ সংবেদনশীলতার কারণে কিছু বিমানবন্দরে স্ক্যানের পর হাতে ব্যাগ তল্লাশির সংখ্যা বেড়েছে। তবে হিথ্রো কর্তৃপক্ষ বলছে, উন্নত ইমেজিং সুবিধাসম্পন্ন এই স্ক্যানার প্রতি ঘণ্টায় হাজার হাজার যাত্রীকে আরও দ্রুত ও কার্যকরভাবে নিরাপত্তা চেক সম্পন্ন করতে সক্ষম, একই সঙ্গে উচ্চ নিরাপত্তা মান বজায় রাখা সম্ভব হচ্ছে।

এই নতুন নিয়ম শুধুমাত্র হিথ্রো থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য। যাত্রীদের যুক্তরাজ্যে ফেরার সময় সংশ্লিষ্ট দেশের বিমানবন্দরের লাগেজ বিধিনিষেধ যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাজ্যে বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থার এই আধুনিকায়ন প্রক্রিয়া গত কয়েক বছরে নানা বাধার মুখে পড়ে। ২০১৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন ২০২২ সালের মধ্যে ১০০ মিলিলিটার তরল সীমা তুলে নেওয়ার ঘোষণা দিলেও কোভিড-১৯ মহামারির কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। পরে ২০২২ সালের ডিসেম্বরে কনজারভেটিভ সরকার জুন ২০২৪ সালের মধ্যে নিরাপত্তা লেনে অত্যাধুনিক স্ক্যানার বসানোর প্রতিশ্রুতি দেয়, যাকে কয়েক দশকের মধ্যে বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে আখ্যা দেওয়া হয়।

সূত্র বিবিসি