চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়াই জামায়াতের লক্ষ্য: পাবনায় ডা. শফিকুর রহমান

পাবনা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। জনগণের রায় পেলে আধিপত্যবাদবিরোধী, সৎ ও যোগ্য জনপ্রতিনিধিদের নিয়ে ইনসাফ, ন্যায় ও মানবিক কল্যাণভিত্তিক সরকার গঠন করা হবে।

শনিবার রাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকাল থেকে শুরু হওয়া এ জনসভা রাত ৯টা পর্যন্ত চলে।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে কেউ চাঁদাবাজির শিকার হবে না এবং দুর্নীতির কারণে কেউ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না। তিনি বলেন, রাষ্ট্র হবে জনগণের সেবক, জনগণের ওপর শাসক নয়।

তিনি আরও বলেন, অতীতে হাজার হাজার নেতাকর্মীকে ঠান্ডা মাথায় হত্যা করে দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল এবং মানুষ মত প্রকাশের অধিকার হারিয়েছিল। ভবিষ্যতে কোনোভাবেই সেই ফ্যাসিবাদ ফিরে আসতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

জামায়াত আমির বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। তারা চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিবাজ রাজনীতিকে আর গ্রহণ করবে না। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ফ্যাসিবাদমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে জনসভায় সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আবদুল্লাহ ও এসএম সোহেল।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।