লন্ডনে বেকডোর উদ্যোগে ব্যারিস্টার আব্দুল আউয়াল তালুকদার ও ব্যারিস্টার ফারহানা রহমানকে সংবর্ধনা

লন্ডন: ব্রাইট অ্যান্ড কমপ্রিহেনসিভ ডেভেলপমেন্ট (বেকডো)-এর উদ্যোগে বিশিষ্ট সমাজসেবী ব্যারিস্টার আব্দুল আউয়াল তালুকদার ও ব্যারিস্টার ফারহানা রহমানকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ২২ জানুয়ারি সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডের একটি অভিজাত রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের আহ্বায়ক ব্যারিস্টার কাজী আশিকুজ্জামান আনোয়ারের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম ও সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম আবু তাহের চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যারিস্টার মুজিবুর রহমান, সাংবাদিক সৈয়দ সামিউল আজম, শাহীন রশীদ, সাবেক কাউন্সিলর শাহ আলমসহ আরও অনেকে।

সভায় বেকডোর চলমান কার্যক্রম, সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। কর্মজীবনে সাফল্য ও সমাজসেবায় অবদানের জন্য ব্যারিস্টার আব্দুল আউয়াল তালুকদার ও ব্যারিস্টার ফারহানা রহমানকে ধন্যবাদ জানিয়ে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা সনদ ও আকর্ষণীয় ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত অতিথিরা বেকডোর ভবিষ্যৎ কার্যক্রমে সক্রিয় সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।