নির্ধারিত তারিখেই জাতীয় নির্বাচন চায় মালয়েশিয়া প্রবাসীরা

আহমাদুল কবির | মালয়েশিয়া:
বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও উন্নয়ন অগ্রগতির স্বার্থে ঘোষিত সময়সূচি অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। নির্বাচন পেছাতে যারা অপচেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তারা।

কুয়ালালামপুর ও মালাক্কার বিভিন্ন এলাকায় বসবাসরত প্রবাসী ব্যবসায়ী, শ্রমিক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এ মতামত জানা গেছে। তাদের মতে, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেশের ভেতরে অস্থিরতা বাড়ায়, একই সঙ্গে বিদেশে থাকা বাংলাদেশিদের মধ্যেও উদ্বেগ তৈরি করে। দেশের স্থিতিশীলতাই প্রবাসীদের প্রধান প্রত্যাশা।

মালাক্কায় বসবাসরত ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মো. মতিউর রহমান বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হলে বিনিয়োগ, রেমিট্যান্স প্রবাহ ও আন্তর্জাতিক আস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ নানা অজুহাতে নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং সরকারের উচিত এ বিষয়ে সতর্ক থাকা।

আরেক কমিউনিটি নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ আজাদ উদ্দিন বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রবাসীদের জীবন-জীবিকার সঙ্গেও জড়িত। দেশে অস্থিরতা থাকলে বিদেশে কর্মসংস্থান, ভিসা নবায়ন এবং পারিবারিক নিরাপত্তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। তাই সময়মতো শান্তিপূর্ণ নির্বাচন প্রয়োজন।

মালাক্কা সেন্ট্রাল বাসস্টেশন এলাকায় কর্মরত শ্রমিক আব্দুর রহিম বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে একটি নির্বাচিত সরকার দরকার। একই এলাকার আরেক শ্রমিক মো. নাসির বলেন, শ্রমবাজার ও নতুন চুক্তি চালু করতেও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ জরুরি।

কুয়ালালামপুরে অধ্যয়নরত শিক্ষার্থী আব্দুল কাইয়ুম বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় এবং শিক্ষা ও গবেষণার সুযোগ বাড়ে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায়ও সময়মতো নির্বাচন গুরুত্বপূর্ণ।

প্রবাসীরা বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বলা হলেও এখনো অনিশ্চয়তা কাটেনি। এ অবস্থা থেকে উত্তরণে নির্ধারিত তারিখেই নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তারা।