ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে বইছে নির্বাচনী উৎসবের হাওয়া। হাওরপাড়ের জনপদজুড়ে চলছে ভোটের হিসাব-নিকাশ, প্রার্থীদের শক্তি–দুর্বলতার বিশ্লেষণ আর সম্ভাব্য ফল নিয়ে চুলচেরা আলোচনা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সুনামগঞ্জ–৩ ও সুনামগঞ্জ–৪ আসন, যেখানে বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতিতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বিএনপির দলীয় প্রার্থীরা।
সুনামগঞ্জ–৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাছনরাজার প্রপৌত্র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হলেও, চারবারের উপজেলা চেয়ারম্যান ও একবারের পৌরসভার চেয়ারম্যান হিসেবে এলাকায় তার শক্ত অবস্থান রয়েছে। ফলে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নুরুল ইসলাম নুরুল এই আসনে চাপে রয়েছেন বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।
অন্যদিকে শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ–৩ আসনে বিএনপির আরেক বিদ্রোহী প্রার্থী হিসেবে তালা প্রতীক নিয়ে মাঠে নেমেছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন। তিনিও প্রতীক বরাদ্দের পর দল থেকে বহিষ্কৃত হন। শান্তিগঞ্জ উপজেলার একক প্রার্থী হওয়ায় ওই এলাকার ভোট তার দিকে ঝুঁকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে বিএনপির ধানের শীষের প্রার্থী কয়ছর এম আহমেদের জন্য লড়াই কঠিন হয়ে উঠতে পারে।
এ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের ভেতরেও দেখা দিয়েছে বিভ্রান্তি। জামায়াত মনোনীত প্রার্থী ইয়াসীন খাঁন মনোনয়ন প্রত্যাহার করায় এবি পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসের তিনজন প্রার্থী আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এতে জোটের সমর্থকদের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে।
সুনামগঞ্জ–৩ আসনে এবি পার্টির প্রার্থী তালহা আলম ঈগল প্রতীক নিয়ে বেশ সক্রিয় ও আলোচিত। তার পরিচ্ছন্ন ভাবমূর্তি ও পারিবারিক ঐতিহ্য ভোটারদের আকৃষ্ট করছে। বিপরীতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে ঘিরে সমালোচনাও রয়েছে। আগের ডামি নির্বাচনে অংশ নিয়ে জামানত হারানোর বিষয়টি ভোটের মাঠে নেতিবাচক আলোচনায় এসেছে।
সব মিলিয়ে সুনামগঞ্জের পাঁচটি আসনেই ভোটের সমীকরণ জটিল ও অনিশ্চিত। বিদ্রোহী প্রার্থীদের শক্ত অবস্থান, জোটের ভাঙন এবং আঞ্চলিক সমীকরণ মিলিয়ে এবার সুনামগঞ্জে ভোটের লড়াই যে হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে, তা স্পষ্ট হয়ে উঠছে।
