নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: হবিগঞ্জ-৪ আসনের ইসলামী ফ্রন্ট প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরিকে ইসির সতর্কবার্তা

নির্বাচনি আচরণবিধি পরিপন্থি কার্যক্রমের অভিযোগে হবিগঞ্জ-৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে এ আদেশ দেওয়া হয়। সোমবার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান।

নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৫ জানুয়ারি গিয়াস উদ্দিন তাহেরি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘THE SPEECH’ নামের একটি পেজের ভিডিও লিংক শেয়ার করে মোমবাতি প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ ধরনের প্রচারণা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৮-এর লঙ্ঘন, যা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও পরিচালনায় বিঘ্ন সৃষ্টি করে।

এ কারণে নির্বাচন-পূর্ব সময়ে এ ধরনের আচরণবিধি লঙ্ঘন থেকে বিরত থাকার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভবিষ্যতে আচরণবিধির কোনো বিধান লঙ্ঘিত হলে তার বিরুদ্ধে জরিমানা আরোপসহ প্রার্থিতা বাতিলের মতো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।