গত ছয় মাসে বিএনপি সরকার দেশ পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মনে করছে বিরোধী দল। জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের নেতারা বলেছেন, সরকার গণভোটের রায় অস্বীকার এবং জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে। তারা সর্বত্র দলীয়করণ করছে। চাঁদাবাজি, আইনশৃঙ্খলার অবনতি, গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। এ অবস্থায় বিরোধী দলের পরামর্শ নিয়ে চলমান সংকটের সমাধান এবং সুন্দরভাবে দেশ চালানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
সরকারের ছয় মাসের কর্মকাণ্ড প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো গণভোটের রায়কে অস্বীকার করা। তারা এর মাধ্যমে সরাসরি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে বলেছেন; অথচ এখন তিনি নিজের সে কথা নিজেই ভঙ্গ করেছেন। এরচেয়ে দ্বিচারিতা আর হয় না
