নির্বাচনের আগে টাকার অপব্যবহার ঠেকাতে এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনে কড়াকড়ি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি। নির্বাচনকে সামনে রেখে টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনে সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার রাত ১২টা থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিনগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট চার দিন এসব সেবায় সীমাবদ্ধতা থাকবে। এ সময় বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস সেবায় ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনে প্রতিবার সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে। দৈনিক সর্বোচ্চ লেনদেন করা যাবে ১০ বার, অর্থাৎ দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন নির্বাচনে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের অপব্যবহার রোধ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে উল্লিখিত সময়ের মধ্যে এমএফএসে পিটুপি লেনদেনের সীমা নির্ধারণ করা হয়েছে।

এদিকে ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যবহার করে ব্যাংক অ্যাপ বা আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোর সুবিধা পুরোপুরি বন্ধ থাকবে। তবে মার্চেন্ট পেমেন্ট ও বিভিন্ন পরিষেবা বিল পরিশোধের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী লেনদেন চালু থাকবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, লেনদেন ব্যতীত এমএফএস প্রতিষ্ঠানের অন্যান্য সেবা এ সময় সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি কোনো আর্থিক অপরাধ বা সন্দেহজনক লেনদেন হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানাতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন উপলক্ষে এমএফএস–সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি এমএফএস প্রতিষ্ঠানকে নিজস্ব জরুরি রেসপন্স সেল গঠন করতে হবে। এ সময় সব ধরনের লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে এবং অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে দ্রুত সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে।

এছাড়া এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।