আইআইএলডির জরিপ: গণভোটে ৮৯.৬ শতাংশ ‘হ্যাঁ’ ভোটের পূর্বাভাস

নিউজ রিপোর্ট: ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসির (আইআইএলডি) জরিপ অনুযায়ী, চলতি মাসের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য গণভোটে বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপে অংশগ্রহণকারী ভোটারদের মধ্যে ৮৯ দশমিক ৬ শতাংশ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার কথা জানিয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পল্টনের ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬; প্রাক-নির্বাচনি জনমত জরিপ’-এর ফলাফল প্রকাশ করেন আইআইএলডির নির্বাহী পরিচালক শফিউল আলম শাহীন।

জরিপে দেশের ৩০০টি সংসদীয় আসনের মোট ৬৩ হাজার ৬১৫ জন ভোটার অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৫৭ দশমিক ৫৯ শতাংশ পুরুষ এবং ৪২ দশমিক ৪১ শতাংশ নারী ভোটার।

জরিপের ফলাফলে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৯২ দশমিক ৯ শতাংশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। অপরদিকে ৪ দশমিক ৪ শতাংশ ভোট না দেওয়ার কথা জানিয়েছেন এবং ২ দশমিক ৭ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীন রয়েছেন।

এছাড়া জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ৭৪ দশমিক ৯ শতাংশ গণভোট সম্পর্কে অবগত বলে জানিয়েছেন। তাদের মধ্যে ৮৯ দশমিক ৬ শতাংশ ‘হ্যাঁ’ এবং ৯ দশমিক ১ শতাংশ ‘না’ ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে জরিপে অংশ নেওয়া ২৫ দশমিক ২ শতাংশ ভোটার গণভোট সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন।