গণভোটে স্পষ্ট ব্যবধানে এগিয়ে ‘হ্যাঁ’, রাত ২টা পর্যন্ত প্রাপ্ত ফলে ৭৫.৩৪ শতাংশ সমর্থন

নিউজ রিপোর্ট: গণভোটের প্রাথমিক ফলাফলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে ‘হ্যাঁ’। নির্বাচন কমিশন, বিভিন্ন জেলার রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে গতকাল রাত ২টা পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে, মোট ভোটের ৭৫ দশমিক ৩৪ শতাংশ পড়েছে ‘হ্যাঁ’ পক্ষে এবং ২৪ দশমিক ৬৬ শতাংশ পড়েছে ‘না’ পক্ষে।

ঢাকার ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটি আসনের কয়েকটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

ঢাকা-৫ আসনে ১৫১টি কেন্দ্রের মধ্যে ১০টির ফলাফলে দেখা যায়, ‘হ্যাঁ’ পেয়েছে ৯ হাজার ৪৬২ ভোট এবং ‘না’ পেয়েছে ৩ হাজার ১৬০ ভোট।

ঢাকা-৬ আসনের ১০১টি কেন্দ্রের মধ্যে ৩৪টির ফলাফলে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩০ হাজার ১৭২টি এবং ‘না’ ১৪ হাজার ১৯টি।

ঢাকা-১৪ আসনের ১৭৪টি কেন্দ্রের মধ্যে ৩০টির ফলে ‘হ্যাঁ’ পেয়েছে ২৪ হাজার ৬৮৫ ভোট, বিপরীতে ‘না’ পেয়েছে ৬ হাজার ৭০৭ ভোট।

ঢাকা-১৭ আসনের ১২৫টি কেন্দ্রের মধ্যে ২১টির ফলে ‘হ্যাঁ’ ভোট ১৬ হাজার ৩২১টি এবং ‘না’ ভোট ৪ হাজার ৬৬৯টি।

ঢাকা-১৮ আসনের ২১৯টি কেন্দ্রের মধ্যে ২৮টির ফলে ‘হ্যাঁ’ পেয়েছে ২৫ হাজার ৮০৮ ভোট এবং ‘না’ পেয়েছে ৮ হাজার ২৫১ ভোট।

ঢাকার বাইরে নেত্রকোণা জেলার পাঁচটি আসনের মধ্যে ৬৭৬টি কেন্দ্রের ৬৬৫টির ফলে দেখা গেছে, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫ লাখ ৮৯ হাজার ২৮৩টি এবং ‘না’ ভোট পড়েছে ৩ লাখ ৫৯ হাজার ৭৪৭টি। জেলায় মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন।

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের ১৪৬টি কেন্দ্রের মধ্যে ১০৩টির ফলাফলে ‘হ্যাঁ’ পেয়েছে ১ লাখ ১৩ হাজার ১৪ ভোট এবং ‘না’ পেয়েছে ৩৮ হাজার ৫৪৬ ভোট।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ‘হ্যাঁ’ পেয়েছে ৯৪ হাজার ৬০৫ ভোট, বিপরীতে ‘না’ পেয়েছে ২৭ হাজার ৪৯৭ ভোট। ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ‘হ্যাঁ’ ভোট ৫১ হাজার ৮৭৫টি এবং ‘না’ ভোট ২৫ হাজার ৪০১টি।

তবে খাগড়াছড়িতে ভিন্ন চিত্র দেখা গেছে। সেখানে ২০৩টি কেন্দ্রের মধ্যে ৪১টির ফলে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৩০ হাজার ৬৬৫টি এবং ‘না’ পেয়েছে ৩১ হাজার ৭৬টি। এ আসনে এখন পর্যন্ত ‘না’ এগিয়ে রয়েছে।

সার্বিকভাবে প্রাপ্ত ফলাফলে দেশজুড়ে ‘হ্যাঁ’ ভোটের প্রবণতা স্পষ্ট হলেও চূড়ান্ত ফলাফলের জন্য বাকি কেন্দ্রগুলোর গণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, পর্যায়ক্রমে বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশ করা হবে।