ঢাকা: নির্বাচন ও গণভোট আয়োজন উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। শনিবার এক বার্তায় সংস্থাটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
বার্তায় উল্লেখ করা হয়, অ্যান্তোনিও গুতেরেস সকল রাজনৈতিক অংশীজনের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা জাতীয় সংহতি জোরদার, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন সমুন্নত রাখা এবং সবার মানবাধিকার পূর্ণভাবে নিশ্চিত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করেন। পাশাপাশি সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের জানান, বাংলাদেশ রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতিসংঘ তার বার্তায় আরও জানায়, এই ইতিবাচক গতি ধরে রেখে দেশকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে তারা সহায়তা অব্যাহত রাখবে।
