লন্ডন মেয়র সাদিক খান চতুর্থ মেয়াদের ইঙ্গিত, ২০২৮ নির্বাচনের কৌশল প্রস্তুত

লন্ডনের মেয়র সাদিক খান ২০২৮ সালের সিটি হল নির্বাচনে চতুর্থবারের মতো প্রার্থী হওয়ার জোরালো ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, আগামী নির্বাচনের জন্য তাঁর প্রচার কৌশল ইতিমধ্যেই ঠিক করা আছে।

শুক্রবার ডেপ্টফোর্ডে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, “নির্বাচন শুরু হলে এবং প্রার্থীদের তালিকা চূড়ান্ত হলে, কাউন্ট বিনফেস ও রিফর্ম—দু’পক্ষের বিরুদ্ধেই আমার কৌশল প্রস্তুত থাকবে।”

এর আগে চলতি সপ্তাহে রেকর্ড করা এবং শুক্রবার প্রচারিত এলবিসি রেডিওর এক পডকাস্টে সাদিক খান স্পষ্ট করে জানান, তিনি আর সংসদ সদস্য হতে চান না। এলবিসির উপস্থাপক James O’Brien-কে তিনি বলেন, “আমি আবার এমপি হতে চাই না। আমি ১১ বছর এমপি ছিলাম, সেই অধ্যায় শেষ।”

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্নের জবাবে সাদিক খান বলেন, মেয়রের দায়িত্বই তাঁর কাছে রাজনীতির সেরা কাজ। তিনি জানান, লন্ডনের মানুষের জন্য কাজ করার সুযোগ তাঁকে অনুপ্রাণিত করে। পাশাপাশি তিনি পরিষ্কার করে দেন, লেবার পার্টির নেতা বা প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই।

গত বছরও তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ২০৩২ সাল পর্যন্ত সিটি হলে দায়িত্বে থাকতে চান। সর্বশেষ মন্তব্যে সেই সম্ভাবনাই আরও জোরালো হলো।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর এই বক্তব্য ২০২৮ সালের নির্বাচনের আগে লন্ডনের রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে।

Source: The Telegraph