লন্ডন প্রতিনিধি: ২৫ মার্চ: পূর্ব লন্ডনের পরিচিত ক্রীড়াবিদ ও সমাজসেবী দৌলত খান বাবুল আর নেই। আজ বুধবার সকাল ৯টায় Royal London Hospital-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬২ বছর।
দৌলত খান বাবুল দীর্ঘদিন ধরে কমিউনিটি ও ক্রীড়া অঙ্গনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে, সোনালী অতীত, নিউওয়ার্ক ইয়ুথ লন্ডনসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। একজন ক্রীড়াবিদ হিসেবে তিনি কমিউনিটিতে সুপরিচিত ছিলেন। তার উদ্যোগে পূর্ব লন্ডনে ‘ওসমানী মেমোরিয়াল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর আয়োজন করা হয়েছিল, যা ব্যাপক সাড়া ফেলেছিল।
ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত অমায়িক, বিনয়ী ও সদালাপী। Shadwell এলাকায় বসবাসরত এই সমাজসেবী স্ত্রী, চার ছেলে ও এক কন্যা রেখে গেছেন। তার গ্রামের বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি গ্রামে।
আগামীকাল বুধবার বাদ জোহর East London Mosque-এ তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
দৌলত খান বাবুলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাবেক কেন্দ্রীয় চেয়ারপারসন ডঃ হাসনাত এম হোসেন এমবিই ,সাবেক কেন্দ্রীয় চেয়ারপারসন কে এম আবু তাহের চৌধুরী ,সাবেক কেন্দ্রীয় সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল ক্বাইউম কয়সর ,গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার মোহাম্মদ মকিস মনসুর ,টাওয়ার হ্যামলেটসের স্পীকার কাউন্সিলার সুলুক আহমদ ,কাউন্সিলার আবু তালহা চৌধুরী ,সোনালী অতীতের আরমান আলী সহ বিভিন্ন নেতৃবৃন্দ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
