লন্ডন বাংলা টাইমস | অনলাইন:
ইংল্যান্ডের এসেক্স শহরের ওয়েস্টক্লিফ এলাকায় চুরি করা একটি গাড়ির ধাক্কায় আমির আলী নামে বাংলাদেশী টেক্সি চালকগুরুতর আহত হয়ে হাসপাতালে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ক্রাউস্টোন রোডে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও জরুরি সেবার সূত্র জানায়, একটি সাদা মার্সিডিজ সি-ক্লাস গাড়ি এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত আমির আলীর বয়স (৪০-এর কোঠায়) স্থানীয় বাসিন্দা এবং পেশায় একজন ট্যাক্সিচালক।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা সানি রিপলি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে সিপিআর (CPR) দেন। পরে পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি লন্ডনের একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর বাঙালি কমিউনিটিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় একটি জোরালো শব্দ শোনা যায় এবং দুটি সাদা গাড়িকে দ্রুতগতিতে এলাকা ছাড়তে দেখা যায়। ধারণা করা হচ্ছে, সংঘর্ষের সময় গাড়িটি অন্য একটি গাড়িকে ধাক্কা দিয়ে এগিয়ে যাচ্ছিল।
পুলিশ পরে ব্রিটানিয়া রোড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে। তদন্তে জানা গেছে, গাড়িটি একই দিন ভোররাত ১টার দিকে সাউথেন্ডের সাটন রোড থেকে চুরি করা হয়েছিল।
এ ঘটনায় একজন সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। তদন্ত চলছে এবং স্থানীয় এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে।
পুলিশ প্রত্যক্ষদর্শী বা যাদের কাছে কোনো সিসিটিভি বা ড্যাশক্যাম ফুটেজ আছে, তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
