টাওয়ার হ্যামলেটসে এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন, লুৎফুর রহমানকে পুনর্নির্বাচনের আহ্বান জানালেন জেরেমি করবিন

লন্ডন বাংলা টাইমস | অনলাইন:

পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে এসপায়ার পার্টির মেয়র প্রার্থী হিসেবে লুৎফুর রহমানের নির্বাচনী ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ এমপি Jeremy Corbyn, যিনি লুৎফুর রহমানের নেতৃত্বের প্রশংসা করে তাকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।

রবিবার (১২ এপ্রিল) বিকেল ৬টায় পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে করবিন বলেন, গত চার বছরে মেয়র Lutfur Rahman টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ করেছেন। এই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ৭ মে নির্বাচনে তাকে ও এসপায়ার পার্টিকে ভোট দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটি নেতৃবৃন্দ। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন কাউন্সিলার সাঈদ আহমদ ও এসপায়ার সদস্য মিনারা উদ্দিন (মেঘনা)। স্বাগত বক্তব্য দেন ডেপুটি মেয়র কাউন্সিলার মাইয়ুম মিয়া তালুকদার।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন লেস্টারের সাবেক এমপি ক্লাউডিয়া উইবিয়া, বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ওয়েমেন বেনেট, রোমা কমিউনিটির নেত্রী ডানিয়েলা, শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, সোমালি কমিউনিটি নেত্রী নাইমা ওমর এবং সমাজকর্মী লেসলি গ্রীনসহ অনেকে। বক্তারা সবাই লুৎফুর রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে তাকে পুনর্নির্বাচিত করার আহ্বান জানান।


নিজের বক্তব্যে মেয়র লুৎফুর রহমান বলেন, “যতদিন দায়িত্বে থাকবো, যতদিন সুস্থভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারবো, ততদিন জনগণের সেবা করে যাবো।” তিনি তার প্রশাসনের বিভিন্ন অর্জন তুলে ধরে উন্নয়ন ও পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণের সমর্থন কামনা করেন।

তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রায় ১২০টি প্রতিশ্রুতির মধ্যে প্রায় ৯৩ শতাংশ বাস্তবায়ন করা হয়েছে এবং বাকি কাজ সম্পন্ন হলে তা ৯৭ শতাংশে পৌঁছাবে। তার নেতৃত্বে গৃহীত অনেক উদ্যোগ শুধু টাওয়ার হ্যামলেটস নয়, বরং সমগ্র যুক্তরাজ্যের জন্য উদাহরণ তৈরি করেছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে এসপায়ার পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরী আনুষ্ঠানিকভাবে লুৎফুর রহমানের প্রার্থিতা ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন পার্টির সেক্রেটারি শেনালী মিয়া ও ট্রেজারার সৈয়দ তারেক আব্দুল্লাহ।

বক্তারা লুৎফুর রহমানের নেতৃত্বে গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে বিনামূল্যে স্কুল মিল ও ইউনিফর্ম, শিক্ষা অনুদান, যুব ও নারী কেন্দ্র, ফ্রি হোম কেয়ার, সুইমিং সুবিধা, আবাসন উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় সহায়তা।

অনুষ্ঠান থেকে আগামী ৭ মে নির্বাচনে এসপায়ার পার্টি ও লুৎফুর রহমানের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।