যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় থেকে স্কটিশ এমপি হলেন কিউ মানিভান্নান

স্কটল্যান্ডের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত গ্রিন পার্টির নবনির্বাচিত এমএসপি কিউ মানিভান্নান। স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে অবস্থানরত এই রাজনীতিবিদের নির্বাচনী সাফল্যের পর প্রশ্ন উঠেছে—স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার কাদের থাকা উচিত।

এডিনবরো অ্যান্ড লোথিয়ান্স ইস্ট আঞ্চলিক তালিকা থেকে নির্বাচিত হওয়া মানিভান্নানের বর্তমান ভিসার মেয়াদ এ বছরের শেষ দিকে শেষ হওয়ার কথা। তবে সাম্প্রতিক নিয়ম পরিবর্তনের ফলে তিনি এমএসপি নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা পান।

বিরোধীরা দাবি করেছেন, স্টুডেন্ট ভিসাধারী কাউকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া উচিত হয়নি। অন্যদিকে স্কটিশ গ্রিন পার্টি সমালোচনাকে “ঘৃণ্য আক্রমণ” হিসেবে বর্ণনা করেছে এবং তাদের নবনির্বাচিত প্রতিনিধির পাশে থাকার ঘোষণা দিয়েছে।

স্কটিশ গ্রিন পার্টির সহ-নেত্রী Gillian Mackay বিবিসি স্কটল্যান্ডের ‘দ্য সানডে শো’-তে বলেন, মানিভান্নানকে পার্লামেন্টে দায়িত্ব পালনরত অবস্থাতেই নতুন ভিসার জন্য আবেদন করতে হবে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভিসা নবায়নে কোনো জটিলতা হবে না এবং দল সর্বাত্মক সহায়তা করবে।

২০২১ সালে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি করতে স্কটল্যান্ডের University of St Andrews-এ পড়তে আসেন কিউ মানিভান্নান। তারা/তাদের (they/them) সর্বনাম ব্যবহারকারী এই রাজনীতিবিদ নিজেকে নন-বাইনারি হিসেবেও পরিচয় দেন। গ্লাসগোর আইরিস ডুয়েনের সঙ্গে তারা হোলিরুডের প্রথম ট্রান্স পার্লামেন্ট সদস্য হতে যাচ্ছেন।

রাজনীতিতে আসার আগে মানিভান্নান জাতিসংঘ, ট্রেড ইউনিয়ন ও মানবাধিকার সংগঠনের সঙ্গে কমিউনিটি অর্গানাইজার, উপদেষ্টা ও শিক্ষক হিসেবে কাজ করেছেন।

বর্তমানে তিনি গ্র্যাজুয়েট ভিসার জন্য আবেদন করেছেন। আবেদন অনুমোদিত হলে তিনি যুক্তরাজ্যে আরও তিন বছর থাকার সুযোগ পাবেন।