বিশ্বকাপে ‘অন্যায্য আচরণের অভিযোগ, ফিফার বিরুদ্ধে মুখ খুললেন ইরান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: ইরান জাতীয় ফুটবল দলের অধিনায়ক মেহদি তারেমি বিশ্বকাপ আয়োজনে ফিফার ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। টুর্নামেন্টজুড়ে ইরান দলকে ‘অন্যায্য’ আচরণের শিকার হতে হয়েছে বলে অভিযোগ তুলে তিনি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং এর সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সমালোচনা করেন।

শনিবার গ্রুপ পর্বে মিশরের বিপক্ষে ড্রয়ের পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তারেমি বলেন, “এটি একটি বিপর্যয়কর বিশ্বকাপ। শুরু থেকেই আমরা নানা সমস্যার মুখোমুখি হয়েছি, কিন্তু ফিফা কোনো সমস্যারই সমাধান করতে পারেনি।”

তিনি জানান, প্রথম ম্যাচের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইরান দলের ড্রেসিংরুমে এসে বলেছিলেন, “এটি মাত্র শুরু।” তবে গ্রুপ পর্ব শেষ হয়ে গেলেও দলের লজিস্টিকস কর্মকর্তারা এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি, কারণ তারা ভিসা পাননি।

তারেমির অভিযোগ, অন্যান্য দেশের দলগুলো পূর্ণাঙ্গ সহায়ক কর্মী নিয়ে অংশ নিলেও ইরানের গুরুত্বপূর্ণ সাপোর্ট স্টাফদের অনেকেই ভিসা না পাওয়ায় দলকে বড় ধরনের ভোগান্তি পোহাতে হয়েছে।

তিনি আরও বলেন, মিশরের বিপক্ষে ম্যাচ শেষে দলকে যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে মেক্সিকোর তিজুয়ানায় যেতে হয়েছে, যা অন্য কোনো দলকে করতে হয়নি। অতিরিক্ত এই যাতায়াতের কারণে খেলোয়াড়রা পর্যাপ্ত বিশ্রাম ও পুনরুদ্ধারের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

মূল পরিকল্পনা অনুযায়ী ইরান দলের যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনে অবস্থান করার কথা থাকলেও, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে মে মাসের শেষ দিকে দলটি মেক্সিকোর তিজুয়ানায় ঘাঁটি স্থানান্তর করে।

তারেমি বলেন, “আমরা মেক্সিকোর মানুষকে ভালোবাসি, তিজুয়ানাকেও ভালোবাসি। কিন্তু পেশাদার খেলোয়াড় হিসেবে এমন ব্যবস্থা মোটেও গ্রহণযোগ্য নয়। অন্য দলগুলোর তুলনায় আমাদের অতিরিক্ত ভ্রমণ করতে হচ্ছে। এতে বিশ্রাম ও পুনরুদ্ধারের সময়ই থাকছে না। এটি মোটেও ন্যায্য নয়।”

ইরান দলের অভিযোগ, চলমান রাজনৈতিক উত্তেজনার প্রভাব বিশ্বকাপেও পড়েছে এবং যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলতে আসা-যাওয়ার ক্ষেত্রেও তারা বারবার জটিলতার মুখে পড়েছেন।