বিশিষ্ট সমাজসেবী, ধর্মপ্রাণ ব্যক্তিত্ব এবং সিলেটের প্রবীণ হিতৈষী সংঘের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাসুদ রাজা চৌধুরী আর নেই। আজ (রোববার) দুপুরে সিলেট নগরের আম্বরখানা বড় বাজার এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ কন্যা, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
দেওয়ান মাসুদ রাজা চৌধুরী দীর্ঘদিন ধরে তাবলিগ জামাতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ইসলামের খেদমতে নীরবে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। মরহুম হাফেজজী হুজুর ও মরহুম মাওলানা ইমাম আকবর আলীর সঙ্গে তাঁর ছিল গভীর ও আন্তরিক সম্পর্ক।
ছাতক উপজেলার সিংচাপইড় চৌধুরী (জমিদার) পরিবারের কৃতি সন্তান দেওয়ান মাসুদ রাজা চৌধুরী সেখানেই জন্মগ্রহণ করেন। তিনি সিলেট শহরে কাজী ইলিয়াছের মামার বাড়িতে থেকে লেখাপড়া সম্পন্ন করেন। তাঁর পিতা ছিলেন দেওয়ান জওয়াহির রাজা চৌধুরী। এছাড়া তাঁর আপন মামা ছিলেন কাজী ইলিয়াছের সৈয়দ বদর উদ্দিন, যিনি সাবেক সংসদ সদস্য শায়েরা মহসিনের পিতা।
সমাজসেবামূলক কর্মকাণ্ডে তিনি ছিলেন অত্যন্ত সক্রিয়। তিনি গ্রেটার সিলেট কাউন্সিল, সিলেট শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির একজন নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সমাজকল্যাণ ও মানবসেবায় তাঁর অবদান সিলেটবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সেবামূলক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
