স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ মুহূর্তের এই জয়েও আবেগে ভেসে যাননি ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, ধৈর্য, সঠিক কৌশল এবং খেলোয়াড়দের মানসিক দৃঢ়তাই দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিয়েছে।
হিউস্টনে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, প্রথমার্ধেও তার দল ভালো ফুটবল খেলেছিল। তবে জাপানের সুসংগঠিত রক্ষণ ভাঙতে বিরতির পর কৌশলে পরিবর্তন আনতে হয়েছিল।
“আমরা ধৈর্য হারাইনি। প্রথমার্ধেও ভালো খেলছিলাম। দ্বিতীয়ার্ধে বক্সে আরও বেশি ক্রস তুলেছি এবং আরও কার্যকরভাবে আক্রমণ করেছি,” বলেন ব্রাজিল কোচ।
ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার কৃতিত্ব খেলোয়াড়দের মানসিক দৃঢ়তাকে দিয়ে আনচেলত্তি বলেন, “ফুটবলে ভুল হবেই। কেউই নিখুঁত নয়। গুরুত্বপূর্ণ হলো ভুল থেকে বেরিয়ে এসে সামনে এগিয়ে যাওয়া। দ্বিতীয়ার্ধে দল সেটাই করেছে। আমি কখনো বিশ্বাস করিনি যে, এই দল গোল করতে পারবে না।”
ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও নিজের আত্মবিশ্বাস অটুট ছিল বলে জানান ইতালিয়ান এই কোচ। “কষ্ট পাওয়া স্বাভাবিক। আধুনিক ফুটবলে এটাই বাস্তবতা। সমর্থকরা হয়তো আমার চেয়ে বেশি কষ্ট পেয়েছেন। কিন্তু আমি বিশ্বাস হারাইনি যে আমরা গোল করব। কষ্ট যেমন স্বাভাবিক, তেমনি জয় পাওয়ার স্বস্তিও স্বাভাবিক,” বলেন তিনি।
প্রতিপক্ষ জাপানের প্রশংসা করে আনচেলত্তি বলেন, “জাপানকে হারানো সহজ ছিল না। তারা দারুণভাবে রক্ষণ সামলেছে এবং আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে।”
নিজ দলের খেলোয়াড়দের নিয়েও সন্তুষ্ট ব্রাজিল কোচ। তার ভাষায়, “আমাদের দলে মাঠে যেমন মানসম্পন্ন খেলোয়াড় আছে, বেঞ্চেও তেমনি বিকল্প রয়েছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, সবাই ব্যক্তিগতভাবে ভালো অবস্থায় আছে এবং দল হিসেবেও একসঙ্গে কাজ করছে।”
আনচেলত্তির মতে, চলতি বিশ্বকাপে এটাই ছিল ব্রাজিলের সবচেয়ে পরিপূর্ণ পারফরম্যান্স। “আমার মনে হয়, এ বিশ্বকাপে এটাই ছিল আমাদের সবচেয়ে সম্পূর্ণ ম্যাচ,” বলেন তিনি।
ম্যাচে নেইমারকে শুরু থেকে না খেলানোর কারণও ব্যাখ্যা করেন ব্রাজিল কোচ। তিনি জানান, অতিরিক্ত সময়ের কথা মাথায় রেখেই তারকা ফরোয়ার্ডকে বেঞ্চে রাখা হয়েছিল।
“আমি নেইমারকে অতিরিক্ত সময়ের জন্য রেখে দিয়েছিলাম। এ নিয়ে ওর সঙ্গে কথাও হয়েছিল। যদি আমরা সমতায় ফিরতে না পারতাম, তাহলে ৬০ বা ৬৫ মিনিটেই তাকে নামাতাম। কিন্তু সমতা ফেরানোর পর আমি দলের খেলা বদলাতে চাইনি, কারণ তখন ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল,” বলেন আনচেলত্তি।
জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর ব্রাজিল কোচের বিশ্বাস, তার দল সঠিক পথেই এগোচ্ছে এবং শিরোপার লড়াইয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে।
