লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যের প্রাচীনতম বাংলা সাহিত্য সংগঠন রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকে-এর মাসিক সাহিত্যসভা গত ২৯ জুন পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের সঞ্চালনায় আয়োজিত সভায় সাহিত্য, কবিতা ও গজল পাঠের মধ্য দিয়ে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা ও গজল পরিবেশন করেন সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, কে এম আবু তাহের চৌধুরী, আবদাল হোসেন চৌধুরী, মতসিন আলী, শিহাবুজ্জামান কামাল এবং কনিষ্ঠ অংশগ্রহণকারী জয়নাব চৌধুরী।
সাহিত্য ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন শেখ ফারুক আহমদ, জুবেল বেলাল, হাসান চৌধুরী, হাফেজ কামাল আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্য।
সভার একটি বিশেষ আকর্ষণ ছিল স্কুলছাত্রী ও উদীয়মান লেখিকা জয়নাব চৌধুরীর সদ্য প্রকাশিত ইংরেজি ভাষার বই ‘A Leap Into the Unknown’ সংগঠনের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া। এ সময় সভাপতি তাঁর রচিত কাব্যগ্রন্থ ‘রঙের দুনিয়া’ ১২ বছর বয়সী এই প্রতিভাবান লেখিকাকে উপহার দেন এবং তার সাহিত্যচর্চার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সভার শেষ পর্বে সিলেটের বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মাসুদ রাজা চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
