গ্রীষ্মকালীন ছুটিকে সামনে রেখে লন্ডনে বাস ও ট্রাম যাত্রীদের জন্য বিশেষ ভাড়া সুবিধা চালু করা হচ্ছে। নতুন ‘উইকেন্ড হপার’ স্কিমের আওতায় সপ্তাহান্তে মাত্র একবারের ভাড়া, অর্থাৎ £১.৭৫ পরিশোধ করে সারাদিন বাস ও ট্রামে সীমাহীন ভ্রমণ করা যাবে।
এই সুবিধা ২৫ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। প্রতি শনিবার ও রোববার যাত্রীরা একক ভাড়ায় সারাদিন যতবার ইচ্ছা বাস ও ট্রামে ভ্রমণ করতে পারবেন।
লন্ডনের মেয়র সাদিক খান বলেন, এই উদ্যোগের লক্ষ্য গ্রীষ্মকালীন ছুটিতে আরও বেশি মানুষকে রাজধানী লন্ডনের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ করে দেওয়া। একই সঙ্গে জনসাধারণের জন্য গণপরিবহনকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য রাখা।
এদিকে, পৃথক সরকারি কর্মসূচির আওতায় আগস্টজুড়ে ১৬ বছরের কম বয়সী সব শিশু বিনামূল্যে বাসে ভ্রমণের সুযোগ পাবে। এর মাধ্যমে স্কুল ছুটির সময় পরিবারগুলোর আর্থিক চাপ কমানোর চেষ্টা করা হচ্ছে।
নতুন উইকেন্ড হপার স্কিমটি ২০১৬ সালে চালু হওয়া বিদ্যমান হপার ফেয়ার ব্যবস্থার সম্প্রসারণ। বর্তমান ব্যবস্থায় এক ঘণ্টার মধ্যে একবার ভাড়া দিয়ে বাস ও ট্রামে একাধিকবার যাতায়াতের সুযোগ রয়েছে।
মেয়র সাদিক খান বলেন, “বাস ও ট্রাম লন্ডনবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এগুলোকে রাজধানীর সবচেয়ে সহজলভ্য ও সাশ্রয়ী পরিবহন হিসেবে ধরে রাখতে বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “হপার ফেয়ার গত এক দশকে লাখো মানুষের যাতায়াত ব্যয় কমাতে সহায়তা করেছে। নতুন উইকেন্ড হপার কর্মসূচি আরও বেশি মানুষকে লন্ডন ভ্রমণের সুযোগ করে দেবে।”
ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL)-এর কাস্টমার ডিরেক্টর এমা স্ট্রেইন বলেন, “লন্ডনে দেখার ও উপভোগ করার মতো অনেক কিছু রয়েছে। আর সেগুলো উপভোগের সবচেয়ে সুবিধাজনক ও কার্যকর উপায় হলো গণপরিবহন।”
