সাত মাস খোঁজ নেই ইমরান খানের, দুই ছেলের বিস্ফোরক অভিযোগ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের দুই ছেলে কাসিম খান ও সুলেমান ইসা খান তাদের বাবার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, গত সাত মাস ধরে পাকিস্তান কর্তৃপক্ষ ইমরান খানের পরিবারের সদস্য, আইনজীবী এবং চিকিৎসকদের তার সঙ্গে দেখা করতে দিচ্ছে না।

ইমরান খানের গ্রেপ্তারের তৃতীয় বার্ষিকীতে লন্ডন থেকে সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে কাসিম ও সুলেমান বলেন, আমাদের কাছে বাবার কোনো আপডেট নেই। কারণ তার পরিবারের সদস্য, চিকিৎসক এবং আইনজীবীদের সাত মাস ধরে তার সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না। এদিকে বুধবার (৫ আগস্ট) পাকিস্তানজুড়ে হাজারো পিটিআই সমর্থক বিক্ষোভ ও সমাবেশ করে ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির মুক্তির দাবি জানিয়েছেন।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। এরপর ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৩ সালে দুর্নীতি ও রাষ্ট্রের গোপন তথ্য ফাঁসসহ একাধিক মামলায় দণ্ডিত হয়ে কারাগারে পাঠানো হয় ইমরান খানকে। তবে ইমরান খান ও তার সমর্থকদের দাবি, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার তাকে রাজনীতি থেকে সরিয়ে রাখতেই এসব পদক্ষেপ নিয়েছে।

সূত্র : মানবজমিন