প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে তিনি যমুনায় প্রবেশ করেন। ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ধারাবাহিক বৈঠককে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।