সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-জামালগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রথম দফায় এই আসনের জন্য কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হকের নাম ঘোষণা করা হয়। সে অনুযায়ী তাকে দলীয় মনোনয়নের চিঠিও দেওয়া হয়েছিল।
তবে মনোনয়ন দাখিলের শেষ মুহূর্তে গত ২৮ ডিসেম্বর বিএনপির মহাসচিবের স্বাক্ষরিত আরেকটি মনোনয়নপত্র জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের নামে পাঠানো হয়। সে সময় দলীয় সূত্র জানায়, সুনামগঞ্জ-১ আসনে উভয়কেই দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
এই ঘটনায় আসনের সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা বিভ্রান্তি দেখা দেয়। চায়ের টেবিল থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা—কে পাচ্ছেন বিএনপির চূড়ান্ত মনোনয়ন।
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির সিনিয়র নেতৃত্ব সুনামগঞ্জ-১ আসনের জন্য কামরুজ্জামান কামরুলকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। দলীয় মহাসচিব স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নের চিঠি ইতোমধ্যে তার হাতে পৌঁছেছে। এতে করে আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।
চূড়ান্ত মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় কামরুজ্জামান কামরুল বলেন, এই মনোনয়ন তিনি সুনামগঞ্জ-১ আসনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি উৎসর্গ করছেন। তাদের নিরলস ত্যাগ ও সহযোগিতার কারণেই তিনি এই মনোনয়ন অর্জন করতে পেরেছেন বলে জানান তিনি। আগামীর পথচলায় সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
