দক্ষিণ স্পেনে হাইস্পিড ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ২১, আহত অনেক

নিউজ রিপোর্ট: দক্ষিণ স্পেনের কর্দোবা প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। রোববার সন্ধ্যায় আদামুজ এলাকার কাছে দুটি ট্রেনের সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্পেনের কর্তৃপক্ষ।

স্পেনের রেল অবকাঠামো সংস্থা আদিফ (Adif) জানায়, মালাগা থেকে মাদ্রিদগামী একটি হাইস্পিড ট্রেন আদামুজের কাছে লাইনচ্যুত হয়ে বিপরীত ট্র্যাকে ঢুকে পড়ে। সেখানে সেটি বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর উভয় ট্রেনই লাইনচ্যুত হয়। একই সময় পাশের লাইনে চলাচলরত মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও দুর্ঘটনার কবলে পড়ে। আদিফের তথ্যমতে, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মালাগা থেকে মাদ্রিদের উদ্দেশে ছেড়ে যাওয়া আইরিও (Iryo) হাইস্পিড ট্রেনটির যাত্রা শুরুর প্রায় ১০ মিনিটের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে।

আন্দালুসিয়ার জরুরি সেবার এক মুখপাত্র জানান, দুর্ঘটনার পর আহত ও আটকে পড়া যাত্রীদের বিষয়ে একাধিক ফোনকল আসে। দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। ঘটনাস্থলে মেডিকেল টিম, দমকল বাহিনী ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরে নিশ্চিত করে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছেন। এর আগে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে আহতের সংখ্যা প্রায় ১০০ জন বলা হয়েছিল।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, প্রথম ট্রেনটির একটি বগি পুরোপুরি উল্টে যায়। রাষ্ট্রীয় টেলিভিশন আরটিভিই-কে দেওয়া আরেকটি সাক্ষ্যে বলা হয়, সংঘর্ষের সময় ধাক্কাটি ছিল ভূমিকম্পের মতো। যাত্রীরা জরুরি হাতুড়ি ব্যবহার করে জানালা ভেঙে ট্রেন থেকে বেরিয়ে আসেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই দুর্ঘটনাকে দেশের জন্য “গভীর বেদনার রাত” বলে অভিহিত করেছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র : the times