রাজধানীর পাঁচ তারকা মানের ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এক জাঁকজমকপূর্ণ আন্তর্জাতিক নেটওয়ার্কিং বিজনেস ডিনার। হোটেলটির প্রতিষ্ঠাতা মুসলে আহমেদের উদ্যোগে ২৮ জানুয়ারি মনোরম পুলসাইড রুফটপ গার্ডেনে আয়োজিত এই অনুষ্ঠানে বৈশ্বিক ব্যবসায়িক যোগাযোগ, কৌশলগত আলোচনা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ, যুক্তরাজ্য, কানাডা, গ্রিস ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী, বিনিয়োগকারী ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন। এতে বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পৃক্ততা এবং প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় আন্তর্জাতিক নেটওয়ার্কিং এবং প্রবাসী উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্য, বিনিয়োগ ও জ্ঞানভিত্তিক সহযোগিতার মাধ্যমে দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সরকার ও বেসরকারি খাতের পারস্পরিক সহযোগিতা জোরদার হলে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা যাবে। প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা ও বৈশ্বিক সংযোগ কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্কটল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ও ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই)-এর সভাপতি ড. ওয়ালি তাসার উদ্দিন এমবিই। তিনি ইউরোপ ও বাংলাদেশের ব্যবসায়িক মহলের মধ্যে কাঠামোবদ্ধ ও ধারাবাহিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ইবিএফসিআই-এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) ও ইবিএফসিআই-এর প্রতিনিধি দলসহ উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মহিব চৌধুরী, আবদুল মোমেন, মেসবাহ চৌধুরী, মোহাম্মদ আলী টিংকু প্রমুখ।
আলোচনায় বিনিয়োগ সম্ভাবনা, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, পর্যটন ও হসপিটালিটি খাতের উন্নয়ন এবং ভবিষ্যৎ পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। অংশগ্রহণকারীরা এই আয়োজনকে নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।
সফলভাবে আয়োজন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে অতিথিরা ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা জানান। একই সঙ্গে কর্পোরেট, কূটনৈতিক ও সামাজিক উচ্চপর্যায়ের আয়োজনের জন্য একটি নির্ভরযোগ্য ও মর্যাদাপূর্ণ ভেন্যু হিসেবে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেন তারা।
