লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য কায়সারুল ইসলাম সুমনের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য এবং এটিএন বাংলা ইউকের বার্মিংহাম ব্যুরো প্রধান কায়সারুল ইসলাম সুমন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা গেছে, তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজ বাড়িতে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথেই বুধবার বাংলাদেশ সময় ভোর পৌনে ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

মরহুম কায়সারুল ইসলাম সুমন স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মহদিকোনার মাস্টার বাড়িতে। তার পিতা মরহুম নজমুল ইসলাম।

মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের দরগা বাজার অজমির স্কুল মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

এদিকে কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাব সভাপতি তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক আকরামুল হোসাইন ও কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তারা মরহুমের স্বজনদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

উল্লেখ্য, কায়সারুল ইসলাম সুমন সম্প্রতি বাংলাদেশে পারিবারিক ছুটিতে অবস্থান করছিলেন।