দ্বিতীয় দিনেও নিয়ম মেনে গাড়িতে করে সচিবালয়ে গিয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানীর **গুলশান অ্যাভিনিউ**য়ের বাসা থেকে রওনা হয়ে চারটি ট্রাফিক সিগন্যালে থামতে থামতে তিনি বাংলাদেশ সচিবালয় পৌঁছান ৪১ মিনিটে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৮টা ৩৪ মিনিটে নিজ গাড়িতে বাসা থেকে বের হন সরকারপ্রধান। গুলশান থেকে সচিবালয় পর্যন্ত পথে চারবার লাল সিগন্যালে গাড়ি থামতে হয়। শেষ পর্যন্ত তিনি ৯টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান।
সচিবালয়ের নিজ দপ্তরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার।
অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রীর গাড়ি সিগন্যালে থামলে পথচারীরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। কেউ কেউ গাড়ির সামনে এসে শুভেচ্ছা জানান, আবার কেউ খুব কাছ থেকে মোবাইলে সেলফিও তোলেন।
দপ্তরে বসার পর প্রধানমন্ত্রী মন্ত্রী, সচিব ও কর্মকর্তারা কারা অফিসে আছেন, তার খোঁজখবর নেন। সচিবালয়ের ১ নম্বর ভবনের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তর অবস্থিত। বিএনপি সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর দিন বুধবারও তিনি সচিবালয়ে গিয়ে অফিস করেন।
