ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি কে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট **মো. সেফাতুল্লাহ**র আদালত এ দিন নির্ধারণ করেন। আদালত সূত্রে জানা গেছে, এদিন প্রতিবেদন দাখিলের কথা থাকলেও মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা কোনো প্রতিবেদন জমা দিতে পারেননি। ফলে নতুন তারিখ ধার্য করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনি প্রচার শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে **ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল**ে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে **এভারকেয়ার হাসপাতাল**ে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। তার মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
তদন্ত শেষে গত ৬ জানুয়ারি ডিবি পুলিশ সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও **ফয়সাল করিম মাসুদ**সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। তবে ওই অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে ১৫ জানুয়ারি নারাজির আবেদন করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
