গণভোট বাতিল হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ ইসলাম

জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোট বাতিল হলে সাম্প্রতিক জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে দ্রুত জাতীয় সংসদ কার্যকর করার আহ্বান জানান। নাহিদের ভাষায়, অধিবেশন ডাকার আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাদের শপথ নেওয়া উচিত।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপির অভিযোগ করেন তিনি। নাহিদ বলেন, “তারপরও গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা ফলাফল মেনে নিয়ে এগোতে চেয়েছি।”

সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগও তোলেন এনসিপি নেতা। তিনি বলেন, জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে এনসিপি ইতোমধ্যে শপথ নিয়েছে। কিন্তু শপথের প্রথম দিনেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দল শপথ না নিয়ে সংস্কারপন্থী জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে তিনি দাবি করেন।