আলী হোসেন ফকির নতুন আইজিপি

২৪ ফেব্রুয়ারি: পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য।

১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিষয়ে বিকম (অনার্স), এমকম ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

কর্মজীবনে তিনি সুনামের সঙ্গে পুলিশ সদর দপ্তরে ডিআইজি এবং স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন)-এর ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার, নেত্রকোনা, ফেনী ও মাগুরার পুলিশ সুপার, সিলেটের কমান্ড্যান্ট আরআরএফ এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা ও ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক অঙ্গনেও তিনি দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করে কসোভো ও আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেন। প্রশিক্ষণ ও সরকারি কাজে যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশ সফর করেছেন।

বর্তমানে তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক এবং ১৫তম বিসিএস পুলিশ ফোরামের আহ্বায়ক। পাশাপাশি খুলনা ক্লাব ও ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য, এপিবিএন স্কুল অ্যান্ড কলেজ ঢাকার সভাপতি এবং বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত আছেন তিনি।