ইস্ট লন্ডনে চার দিনের বাস ধর্মঘট

পূর্ব লন্ডনে গণপরিবহনে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে, কারণ Stagecoach পরিচালিত Bow Bus Garage-এর বাসচালকরা ধর্মঘটে যাচ্ছেন। চালকদের এই কর্মসূচির ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে বাস চলাচল আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ থাকতে পারে।

ঘোষণা অনুযায়ী, ধর্মঘট শুরু হবে ১৯ মার্চ ২০২৬, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে এবং চলবে ২৩ মার্চ ২০২৬, সোমবার ভোর ৫টা পর্যন্ত। তবে ১৮ মার্চ রাতের সার্ভিস স্বাভাবিক থাকবে এবং ২৩ মার্চ ভোর ৫টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই ধর্মঘটের কারণে রুট ৮ (Bow Church থেকে টটেনহ্যাম কোর্ট রোড), রুট ২৫ (Ilford থেকে হলবর্ন সার্কাস), রুট ২০৫ (Bow Church থেকে সেলফ্রিজেস) এবং রুট ৪২৫ (ক্ল্যাপটন থেকে Ilford) সহ নাইট সার্ভিস N8, N25 ও N205 মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

চালকদের পক্ষ থেকে Unite the Union জানিয়েছে, প্রায় ৩০০ জন চালক এই ধর্মঘটে অংশ নিচ্ছেন। তাদের অভিযোগ, দীর্ঘ সময় বিরতিহীন ডিউটির কারণে তারা চরম ক্লান্তিতে ভুগছেন। পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম ও খাবারের সুবিধা না থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। তাদের মতে, এই ক্লান্তি যাত্রী ও সড়ক নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করছে।

এদিকে, যাত্রীদের ভ্রমণের আগে Transport for London (TfL)-এর ওয়েবসাইট বা অ্যাপ থেকে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিকল্প হিসেবে টিউব, ওভারগ্রাউন্ড বা ডিএলআর ব্যবহার করতে বলা হলেও এসব সেবায় অতিরিক্ত ভিড়ের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আগাম পরিকল্পনা ছাড়া যাতায়াতে ভোগান্তি এড়ানো কঠিন হতে পারে।