অনলাইন ডেস্ক: লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকা ডুবে কমপক্ষে ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২৭ মার্চ) গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া ২৬ জনের বর্ণনা অনুযায়ী নৌকাটিতে থাকা অন্তত ২২ জন মারা গেছেন, যাদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি নাগরিক।
নিহতদের মধ্যে ১২ জন সুনামগঞ্জ জেলার তিন উপজেলার বাসিন্দা। এর মধ্যে দিরাই উপজেলার ছয়জন, দোয়ারাবাজারের একজন এবং জগন্নাথপুর উপজেলার পাঁচজন রয়েছেন। দিরাই উপজেলার তারাপাশা গ্রামের নুরুজ্জামান সরদার ময়না (৩০), সাজিদুর রহমান (২৮), শাহান মিয়া (২৫), রনারচর গ্রামের মুজিবুর রহমান (৩৮), বাসুরি গ্রামের মো. সুহানুর রহমান এবং মাটিয়াপুর গ্রামের তায়েফ মিয়া (নিখোঁজ, ধারণা করা হচ্ছে মৃত) রয়েছেন।
দোয়ারাবাজার উপজেলার কবিরনগরের আবু ফাহিম এবং জগন্নাথপুর উপজেলার সোহানুর রহমান, শায়েখ আহমেদ, মো. নাঈম, আমিনুর রহমান ও মোহাম্মদ আলীর নাম স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহতদের স্বজনদের অভিযোগ, দিরাই উপজেলার এক মানব পাচারকারীর সঙ্গে জনপ্রতি প্রায় ১২ লাখ টাকায় চুক্তি করে তারা লিবিয়া হয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা করেন। চুক্তি অনুযায়ী তাদের বড় ও নিরাপদ নৌযানে নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় তোলা হয়, যা দুর্ঘটনার অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।
মাটিয়াপুর গ্রামের বাসিন্দা ইকবাল চৌধুরী বলেন, “লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তায়েফ আর আমাদের মাঝে নেই—এই খবরটা খুব কষ্ট দিয়েছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।”
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
