লন্ডনের টাওয়ার হ্যামলেটসে পালিত হচ্ছে আলতাব আলী দিবস

পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে মে মাসজুড়ে পালিত হচ্ছে আলতাব আলী দিবস। বর্ণবাদী সহিংসতার শিকার বাংলাদেশি তরুণ আলতাব আলীর জীবন ও সংগ্রামকে স্মরণ করতে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। ১৯৭৮ সালে সংঘটিত তার হত্যাকাণ্ড পূর্ব লন্ডনের সামাজিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছিল এবং বর্ণবাদ ও ঘৃণার বিরুদ্ধে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করেছিল।

৪ মে আলতাব আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলতাব আলী পার্কে অনুষ্ঠিত হবে বিশেষ স্মরণসভা। অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ, বেহালা সংগীত পরিবেশন এবং বিভিন্ন শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরা এবং বর্ণবাদবিরোধী চেতনা জাগ্রত রাখাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

এছাড়া ৫ মে থেকে ৩০ মে পর্যন্ত ব্রাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ‘ফাইটিং ফ্যাসিজম: কমিউনিটি রেজিস্ট্যান্স ইন ১৯৭৮’। প্রদর্শনীতে ১৯৭৮ সালের আন্দোলন, প্রতিবাদ এবং স্থানীয় মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের বিভিন্ন ঐতিহাসিক মুহূর্ত তুলে ধরা হবে। দর্শনার্থীরা সেই সময়কার বাস্তব চিত্র ও সংগ্রামের ইতিহাস কাছ থেকে জানার সুযোগ পাবেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালে আলতাব আলীর হত্যাকাণ্ড টাওয়ার হ্যামলেটসসহ সমগ্র পূর্ব লন্ডনে বর্ণবাদের বিরুদ্ধে এক শক্তিশালী আন্দোলনের সূচনা করে। পরবর্তীতে বিভিন্ন কমিউনিটি ঐক্যবদ্ধ হয়ে ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হয়, যা যুক্তরাজ্যে বর্ণসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকদের ভাষ্য, আলতাব আলী দিবস শুধু একটি স্মরণ অনুষ্ঠান নয়, এটি সহনশীলতা, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার আহ্বান। সমাজে বৈষম্য ও ঘৃণার বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করার বার্তাই এ আয়োজনের মূল প্রতিপাদ্য।