ব্রিটেনে ইহুদিবিদ্বেষ রুখতে ঐক্যের আহ্বান, খোলা চিঠিতে ধর্মীয় নেতাদের বার্তা

ব্রিটেনে ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশটির বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতারা এক খোলা চিঠিতে বলেছেন, “এটি শুধু ইহুদিদের সমস্যা নয়, এটি আমাদের সবার মিলে সমাধান করার বিষয়।”

খোলা চিঠিটিতে খ্রিস্টান, মুসলিম, হিন্দু, শিখ ও জরথুস্ত্রী সম্প্রদায়ের নেতাদের পাশাপাশি ব্যবসা, ক্রীড়া ও গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরাও স্বাক্ষর করেছেন। এতে ব্রিটিশ ইহুদিদের প্রতি সংহতি প্রকাশ করে বলা হয়, “এই দেশ আপনাদেরও, যেমন আমাদের সবার।”

চিঠিটি প্রকাশ করা হয় রবিবার ডাউনিং স্ট্রিটের সামনে ব্রিটিশ ইহুদিদের সমর্থনে আয়োজিত এক সমাবেশের আগে। উদ্যোগটি আয়োজন করে ‘টুগেদার কোয়ালিশন’।

চিঠিতে সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোর উল্লেখ করে বলা হয়, “রাস্তায় ইহুদিদের ওপর ছুরিকাঘাত, উপাসনালয় রক্ষায় প্রাণহানি এবং ইহুদি স্থাপনায় অগ্নিসংযোগ যেন অতীতের কোনো দুঃস্বপ্নকে ফিরিয়ে এনেছে।”

সম্প্রতি লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনাসহ বিভিন্ন সিনাগগ ও ইহুদি স্থাপনায় হামলার পর দেশজুড়ে উদ্বেগ বেড়েছে।

ব্রিটেনের প্রধান রাব্বি স্যার এফ্রাইম মিরভিস এই চিঠিকে “ঘৃণাবাদীদের বিরুদ্ধে শক্তিশালী জবাব” বলে উল্লেখ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ধরনের ঐক্যবদ্ধ অবস্থান আরও জোরদার হবে।

ডাউনিং স্ট্রিটের সমাবেশে অংশ নেওয়া জোই কর্সনার বলেন, “আমরা চাই না ইহুদি পরিচয়ের কারণে ভয় নিয়ে বাঁচতে। এখন মনে হয় পরিচয় লুকিয়ে রাখতে হয়।”

অন্যদিকে এসেক্স থেকে আসা মার্শা কে বলেন, “ব্রিটেনে ইহুদিবিদ্বেষের পরিস্থিতি ভয়াবহ। যদি আমি আরও তরুণ হতাম এবং সন্তানরা ছোট থাকত, তাহলে হয়তো দেশ ছাড়ার কথা ভাবতাম।”