বৈধ রেমিট্যান্সে উৎসাহ দিতে আসছে ‘প্রবাসী কার্ড’- প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে বিশেষ সুবিধাসহ ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দুই মাসের মধ্যেই এই কার্ড চালু হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বর্তমানে জাতিসংঘের দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন তিনি। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেয়া হচ্ছে।

মন্ত্রী জানান, প্রবাসী কার্ডধারীরা বিভিন্ন বিশেষ সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন সুবিধা, দেশে অবস্থানকালে নিরাপত্তা এবং সম্পদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া যারা বেশি রেমিট্যান্স পাঠাবেন, তাদের জন্য অতিরিক্ত লজিস্টিক সাপোর্টও দেয়া হবে।

প্রবাসীদের দীর্ঘদিনের একটি দাবি ছিল বিদেশে মৃত্যুবরণ করলে সরকারি খরচে মরদেহ দেশে ফিরিয়ে আনা। এ বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, সরকার এখন প্রবাসীবান্ধব নীতি গ্রহণ করেছে এবং এ দাবির বাস্তবায়নে উদ্যোগ নেয়া হয়েছে।

দেশে বিনিয়োগে প্রবাসীদের আগ্রহ বাড়াতে সরকার নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার দিকেও গুরুত্ব দিচ্ছে। মন্ত্রী বলেন, অনেক প্রবাসী দেশে বিনিয়োগ করতে চাইলেও জটিলতা ও প্রতারণার কারণে পিছিয়ে যান। এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে।

এদিকে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও কাজ চলছে বলে জানান আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, শুধু নিউইয়র্ক নয়, বিশ্বের অন্যান্য দেশ থেকেও সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।

সূত্র: মানবজমিন