যুক্তরাজ্যের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম জানিয়েছে, টিকটক ও ইউটিউবের কনটেন্ট ফিড শিশুদের জন্য এখনো যথেষ্ট নিরাপদ নয়। নতুন এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, শিশুদের অনলাইনে সুরক্ষা নিশ্চিত করতে প্ল্যাটফর্মগুলোকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।
অফকমের দাবি, শিশুদের ক্ষতিকর কনটেন্ট থেকে রক্ষা এবং বয়স যাচাই কার্যকর করতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখনো পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারেনি। তবে মেটা, স্ন্যাপ এবং রোবলক্স শিশুদের বিরুদ্ধে গ্রুমিং ঠেকাতে আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা চালুর বিষয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে ন্যূনতম বয়সসীমা কার্যকরভাবে বাস্তবায়ন না হওয়ার বিষয়েও সরকারকে উদ্বেগ জানাবে অফকম। বর্তমানে যুক্তরাজ্য সরকার ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আনার বিষয়ে জনমত গ্রহণ করছে, যার পরামর্শ প্রক্রিয়া শিগগিরই শেষ হবে।
এদিকে ইউটিউব জানিয়েছে, তারা শিশু নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে শিশুদের জন্য “শিল্পখাতের সেরা ও বয়স উপযোগী” অভিজ্ঞতা নিশ্চিত করছে। অন্যদিকে টিকটক বলেছে, তাদের নিরাপত্তা ফিচারগুলো যথাযথভাবে বিবেচনায় না নেওয়ায় তারা “খুবই হতাশ”।
