ব্রিটেনের মূলধারার রাজনীতিতে আরও একধাপ এগিয়ে গেলেন ব্রিটিশ বাংলাদেশিরা। পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী রেডব্রিজ কাউন্সিলের নতুন ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলর সাঈদা চৌধুরী।
২০ মে ২০২৬ ইংরেজি তারিখে কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আনুষ্ঠানিকভাবে তাকে এই পদে বরণ করে নেওয়া হয়। সাঈদা চৌধুরীর এই গৌরবময় অর্জন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
সাঈদা চৌধুরী দীর্ঘদিন ধরে ব্রিটেনের অন্যতম প্রধান রাজনৈতিক দল লেবার পার্টির রাজনীতির সাথে যুক্ত। রেডব্রিজ কাউন্সিলের গুডমেইস (Goodmayes) ওয়ার্ড থেকে তিনি কাউন্সিলর হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এলাকায় জনকল্যাণমূলক কাজ, বর্ণবাদ বিরোধী অবস্থান এবং কমিউনিটির উন্নয়নে সক্রিয় ভূমিকার জন্য তিনি বেশ সমাদৃত।
ডেপুটি মেয়র হিসেবে শপথ গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় সাঈদা চৌধুরী রেডব্রিজ কাউন্সিলের সকল সহকর্মী এবং তার নির্বাচনী এলাকার বাসিন্দাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন: “এই সম্মান শুধু আমার একার নয়, এটি পুরো রেডব্রিজ বরো এবং আমাদের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জয়। আমি অত্যন্ত নিষ্ঠার সাথে মেয়রকে তার দায়িত্ব পালনে সহায়তা করব এবং আমাদের বহুসাংস্কৃতিক সমাজের উন্নয়নে কাজ করে যাব।”
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাংলাদেশিরা আশা প্রকাশ করেছেন যে, সাঈদা চৌধুরী তার এই নতুন পদের মাধ্যমে রেডব্রিজের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য আরও মজবুত করতে এবং অভিবাসীদের অধিকার রক্ষায় জোরালো ভূমিকা রাখবেন।
লন্ডনের রেডব্রিজ কাউন্সিলে এশিয়ান, বিশেষ করে বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূত নাগরিকদের একটি বড় অংশ বসবাস করে। সাঈদা চৌধুরীর এই নির্বাচন প্রমাণ করে যে, ব্রিটিশ রাজনীতিতে নতুন প্রজন্মের বাংলাদেশিরা তাদের মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে ক্রমশ গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী অবস্থানে জায়গা করে নিচ্ছেন।
আগামী এক বছর তিনি রেডব্রিজের ডেপুটি মেয়র হিসেবে মেয়রের পাশাপাশি বিভিন্ন কূটনৈতিক, সামাজিক ও চ্যারিটেবল অনুষ্ঠানে কাউন্সিলের প্রতিনিধিত্ব করবেন।
সৈয়দা লাভলী চৌধুরীর জন্ম সিলেট শহরে। পৈত্রিক নিবাস মৌলভীবাজার জেলায়। তিনি টেলিভিশনের উপস্থাপক, নৃত্য ও সংগীতশিল্পী, খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার এমন বহু গুণের অধিকারী এই নারী বাঙালি কমিউনিটিতে অর্জন ও অগ্রগতির এক অনন্য উদাহরণ। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তার সরব পদচারণা।
