যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় এখনও অনিশ্চয়তায় রয়েছে ইরানের জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে সমান সুযোগে প্রস্তুতি নিতে পারছে না দলটি বলে অভিযোগ করেছে তেহরান।
মেক্সিকোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবোলফাজল পাসানদিদেহ বৃহস্পতিবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত শহর টিজুয়ানা সফর করেন। সেখানে বর্তমানে নিজেদের প্রস্তুতি ক্যাম্প চালাচ্ছে ইরান ফুটবল দল।
এর আগে দলটির প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসনে হওয়ার কথা ছিল। কিন্তু মার্কিন ভিসা জটিলতার কারণে পরিকল্পনা বদলাতে বাধ্য হয় ইরান। ফলে শেষ মুহূর্তে ক্যাম্প সরিয়ে মেক্সিকোর টিজুয়ানায় নিতে হয়েছে।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ভিসা না পাওয়ার কারণে খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রস্তুতি ব্যাহত হচ্ছে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে এমন পরিস্থিতি দলটিকে বাড়তি চাপে ফেলছে। তাদের দাবি, এই অবস্থায় প্রতিযোগিতায় অন্য দলগুলোর তুলনায় সমান পরিবেশ পাচ্ছে না ইরান।
বিশ্বকাপ শুরুর আগেই এই ভিসা সংকট আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইরান শেষ পর্যন্ত সময়মতো সব সদস্যের ভিসা পাবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে।
