ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, প্রতিপক্ষের কাছ থেকে ছাড় আদায়ে ইরান কেবল কূটনৈতিক আলোচনার ওপর নির্ভর করে না, বরং নিজেদের সামরিক সক্ষমতার মাধ্যমেও কার্যকর অবস্থান তৈরি করে। তার ভাষায়, “ইরান সংলাপের মাধ্যমে নয়, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ছাড় আদায় করে।”
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে গালিবাফ বলেন, আলোচনায় ইরান তাদের অবস্থান ও যুক্তি তুলে ধরে। তবে বাস্তব ফল আসে শক্ত অবস্থান ও প্রস্তুতির মাধ্যমে। তিনি বলেন, “আলোচনায় আমরা কেবল তাদের বোঝাই।”
প্রতিশ্রুতি বা মৌখিক আশ্বাসের বিষয়ে অনাস্থা প্রকাশ করে তিনি আরও বলেন, “আমরা নিশ্চয়তা বা কথায় বিশ্বাস করি না, কাজই হলো মাপকাঠি। অপর পক্ষ পদক্ষেপ নেওয়ার আগে কোনো পদক্ষেপ নেওয়া হবে না।”
গালিবাফের মতে, যেকোনো চুক্তির প্রকৃত সফলতা নির্ভর করে সেই পক্ষের ওপর, যারা চুক্তির পরবর্তী সময় থেকেই সম্ভাব্য সংঘাত মোকাবিলায় নিজেদের আরও শক্তভাবে প্রস্তুত রাখতে পারে।
তার এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং ইরানকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনা নতুন করে গুরুত্ব পাচ্ছে।
সূত্র: আল-জাজিরা
