লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে দ্বিতীয়বারের মতো টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আবু তালহা চৌধুরী। গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি এসপায়ার পার্টির প্রার্থী হিসেবে বিজয়ী হন।
এর আগে ২০২২ সালে তিনি টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ওয়েস্ট ওয়ার্ড থেকে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হন। দায়িত্ব পালনের সময় তিনি চার বছর ‘ক্যাবিনেট মেম্বার ফর সেফার কমিউনিটি’ হিসেবে সফলতার সঙ্গে কাজ করেন। চলতি মেয়াদে তাকে ‘ফাইন্যান্স অ্যান্ড রিসোর্স’ বিষয়ক ক্যাবিনেট সদস্যের দায়িত্ব দেওয়া হয়েছে।
আবু তালহা চৌধুরীর পুনর্নির্বাচনে লন্ডনের ক্যানারি ওয়ার্ফে আনন্দ সভার আয়োজন করা হয়। এছাড়া মৌলভীবাজারের শাহবন্দর হাফিজিয়া মাদরাসা ও শ্যামরার বাজার জামে মসজিদসহ কয়েকটি মসজিদে ইমাম ও মুয়াজ্জিনদের উপস্থিতিতে শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার উপজেলার সিংকাপনী এলাকার ঐতিহ্যবাহী মাওলানা পরিবারের সন্তান আবু তালহা চৌধুরী। তিনি সাংবাদিক, কমিউনিটি সংগঠক এবং এসপায়ার পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান। তার দাদা ছিলেন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব ওলীয়ে কামেল হাফেজ মাওলানা শাহ সুফী আব্দুল কাদের চৌধুরী সিংকাপনী (রহ.)।
আবু তালহা চৌধুরীর ভবিষ্যৎ সাফল্য ও জনসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা কামনা করে দেশ-বিদেশে শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
