নেইমারকে বিশ্রামে রেখে শীর্ষস্থান নিশ্চিত করতে মাঠে নামছে ব্রাজিল

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। নকআউট পর্বের টিকিট আগেই নিশ্চিত করলেও গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান ধরে রাখাই এখন সেলেসাওদের প্রধান লক্ষ্য।

দুই ম্যাচ শেষে ব্রাজিল ও মরক্কো উভয়েরই সংগ্রহ ৪ পয়েন্ট। একই সময়ে মরক্কো খেলবে গ্রুপের তলানিতে থাকা হাইতির বিপক্ষে। ফলে দুই দলই জয় পেলে গোল ব্যবধানের ভিত্তিতেই নির্ধারিত হবে গ্রুপসেরা। বর্তমানে +৩ গোল ব্যবধান নিয়ে এগিয়ে রয়েছে ব্রাজিল, যেখানে মরক্কোর গোল ব্যবধান +১। তাই স্কটল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নেওয়ার লক্ষ্য থাকবে কার্লো আনচেলত্তির শিষ্যদের।

অতীত পরিসংখ্যানও ব্রাজিলের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। স্কটল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে সেলেসাওরা। এর মধ্যে ৮টিতে জয় পেয়েছে তারা, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কোচ কার্লো আনচেলত্তি একাদশে বড় কোনো পরিবর্তন আনছেন না। হাইতির বিপক্ষে জয় পাওয়া দলের বেশিরভাগ খেলোয়াড়ই নিজেদের জায়গা ধরে রাখছেন। তবে রাফিনিয়ার পরিবর্তে বোর্নমাউথের তরুণ ফরোয়ার্ড রায়ানকে শুরুর একাদশে দেখা যেতে পারে। সাম্প্রতিক অনুশীলনেও তাকে মূল দলের সঙ্গে প্রস্তুতি নিতে দেখা গেছে।

এদিকে চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও নেইমার জুনিয়রকে শুরু থেকেই মাঠে নামানোর ঝুঁকি নিচ্ছেন না আনচেলত্তি। দলের পরিকল্পনা অনুযায়ী নকআউট পর্ব থেকেই তাকে পূর্ণাঙ্গভাবে ব্যবহার করা হতে পারে। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার সম্ভাবনা রয়েছে ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ডের।

অন্যদিকে কাসেমিরো ও ডগলাস সান্তোসের ওপর থাকবে বিশেষ নজর। দুজনই একটি করে হলুদ কার্ড নিয়ে খেলছেন। স্কটল্যান্ডের বিপক্ষে আরও একটি কার্ড দেখলে নকআউট পর্বের প্রথম ম্যাচে নিষিদ্ধ থাকবেন তারা।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: আলিসন, দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা, রায়ান, ম্যাথিউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।