লন্ডন | কেএম আবু তাহের চৌধুরী:
সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমের বদলির প্রতিবাদ এবং তাকে পুনর্বহালের দাবিতে পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ভয়েস ফর জাস্টিস ইউকের সেক্রেটারি কে এম আবু তাহের চৌধুরী সভাপতিত্ব করেন এবং বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা মোহাম্মদ রফিক উল্লাহ রফিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
সমাবেশে বক্তব্য দেন কমিউনিটি নেতা ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিস্টার নাজির আহমেদ, ব্যারিস্টার আমিন চৌধুরী, সলিসিটর এম ইয়াওর উদ্দিন, আলতাব আলী ট্রাস্টের সেক্রেটারি আখলাকুর রহমান লুকু, জকিগঞ্জ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোহাম্মদ আবুল হোসেন, লেখক ডা. গিয়াস উদ্দিন আহমদ, জিএসসি ইস্ট লন্ডন শাখার সেক্রেটারি শাহান চৌধুরী, সাংবাদিক এম এ জামান, যুক্তরাজ্য প্রবাসী অধিকার পরিষদের নেতা খোন্দকার সাইদুজ্জামান সুমন, কবি শিহাবুজ্জামান কামাল, সাবেক কাউন্সিলর জয়নাল চৌধুরী, বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা জামাল মিয়া ও আব্দুল ছাত্তার, কমিউনিটি নেতা নাছির উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ শফিক, মাওলানা আনিছুর রহমান আনিছ, হেলাল আহমদ, আব্দুস সালাম শেখসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে সারোয়ার আলমকে একজন সৎ, দক্ষ ও প্রবাসীবান্ধব প্রশাসক হিসেবে উল্লেখ করে তার বদলির সিদ্ধান্তের সমালোচনা করেন এবং দ্রুত তাকে সিলেটে পুনর্বহালের দাবি জানান।
তাদের ভাষ্য অনুযায়ী, সারোয়ার আলম দায়িত্ব পালনকালে সাদা পাথর এলাকায় অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, শহরের ফুটপাত হকারমুক্তকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রবাসীদের বেদখল জমি উদ্ধার, প্রবাসীদের সম্মাননা প্রদান, প্রবাসীদের জন্য পৃথক আবাসিক এলাকা নির্মাণের উদ্যোগ এবং হযরত শাহজালাল (রহ.) মাজার-সংশ্লিষ্ট আর্থিক বিষয়ে জবাবদিহিতা নিশ্চিতের উদ্যোগ গ্রহণের মাধ্যমে জনগণের প্রশংসা অর্জন করেন।
সমাবেশে বক্তারা আরও দাবি করেন যে, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাবেই তাকে বদলি করা হয়েছে। তারা অনতিবিলম্বে সারোয়ার আলমকে সিলেটে পুনর্বহালের আহ্বান জানান এবং বর্তমান ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের প্রতি পূর্ববর্তী প্রশাসনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।
মানববন্ধনে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং তারা প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
