লন্ডন মেয়র সাদিক খানের বিরুদ্ধে গাড়ি করের মামলা প্রত্যাহার

গাড়ির রোড ট্যাক্স পরিশোধ না করার অভিযোগে লন্ডনের মেয়র স্যার সাদিক খানের বিরুদ্ধে দেওয়া ফৌজদারি সাজা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, যে ২৪ বছর পুরোনো Nissan Micra গাড়িটিকে কেন্দ্র করে মামলাটি করা হয়েছিল, সেটির মালিক মেয়র নিজে নন।

বৃহস্পতিবার Hereford Magistrates’ Court-এ মামলাটি পুনরায় খোলার পর DVLA-এর অনুরোধে তা প্রত্যাহার করে নেওয়া হয়। মেয়রের দপ্তর আগে জানিয়েছিল, গাড়িটির মালিকানা নিয়ে একটি প্রতারণার কারণে তিনি এই মামলায় জড়িয়ে পড়েছেন।

৫৫ বছর বয়সী লেবার নেতা সাদিক খানকে গত মাসে আদালতের এক বিচারক গাড়ি লাইসেন্সবিহীন রাখার অভিযোগে অনুপস্থিতিতে দোষী সাব্যস্ত করেন। তাকে ২২০ পাউন্ড জরিমানা, ৮৫ পাউন্ড আদালত খরচ এবং গাড়িটির বকেয়া ৩৫.৮৪ পাউন্ড কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে পরে জানা যায়, গাড়িটির বকেয়া কর সংক্রান্ত চিঠিপত্র মেয়রের ঠিকানায় না গিয়ে পূর্ব লন্ডনে গর্ডন র‍্যামসের একটি রেস্তোরাঁয় পাঠানো হয়েছিল। DVLA জানায়, গাড়িটির প্রকৃত মালিকানা নিশ্চিত করতে জানুয়ারিতে ভুল ঠিকানায় পাঠানো একটি চিঠিরও কোনো উত্তর পাওয়া যায়নি।

এরপর ১৮ আগস্ট কোনো জবাব বা plea না পাওয়ায় মেয়রের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয় এবং Single Justice Procedure-এর মাধ্যমে তাকে অনুপস্থিতিতে দোষী সাব্যস্ত করা হয়।

বৃহস্পতিবার Hereford Justice Centre-এ মাত্র এক মিনিটের শুনানিতে মামলাটি পুনরায় খোলা হয়। সেখানে মেয়র বা DVLA-এর কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

আদালতের আইনগত পরামর্শদাতা বলেন, বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং DVLA মামলাটি পুনরায় খোলার পর তা প্রত্যাহার হিসেবে নথিভুক্ত করার অনুরোধ জানিয়েছে।

ম্যাজিস্ট্রেটদের বেঞ্চের চেয়ারওম্যান Mrs Digings JP বলেন, আদালত মামলাটি পুনরায় খোলার বিষয়টি গ্রহণ করেছে এবং DVLA-এর অনুরোধ অনুযায়ী মামলাটি প্রত্যাহার হিসেবে নথিভুক্ত করা হচ্ছে।

মেয়রের একজন মুখপাত্র জানান, এটি প্রথম ঘটনা নয়, যেখানে প্রতারকরা মিথ্যা তথ্য দিয়ে সাদিক খানকে কোনো গাড়ির মালিক হিসেবে দেখানোর চেষ্টা করেছে।

মেয়রের উপদেষ্টা আরও জানান, গাড়িটির নিবন্ধন কীভাবে মিথ্যাভাবে করা হয়েছিল, তা DVLA তদন্ত করবে।

ফলে Nissan Micra-কে কেন্দ্র করে সাদিক খানের বিরুদ্ধে হওয়া ফৌজদারি মামলার পূর্বের দণ্ড আর বহাল থাকছে না।