দ্বৈত নাগরিকদের নির্বাচনী অধিকার নিশ্চিত ও ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার দাবি
লন্ডন: মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক বকশী ইকবাল আহমদের সম্মানে লন্ডনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে গত ২৯ আগস্ট শনিবার পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি সলিসিটর এম ইয়াওর উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মৌলভী মোহাম্মদ আব্দুল করিম। পরে বকশী ইকবাল আহমদের সম্মানে মানপত্র পাঠ করেন বিশিষ্ট লেখক ও সলিসিটর এম ইয়াওর উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন অধ্যাপক এ কে শহীদুর রহমান, লেখক ও গবেষক ড. এম এ আজিজ, ব্যারিস্টার আব্দুল আউয়াল তালুকদার, শিক্ষাবিদ ও কমিউনিটি সংগঠক আব্দুল হাই, ওসমানী বিমানবন্দর ক্যাম্পেইন কমিটির সদস্যসচিব এম এ রব, কমিউনিটি নেতা শেখ ফারুক আহমদ, সংগঠনের সহসভাপতি বদরুজ্জামান বাবুল, সাংবাদিক খালেদ মাসুদ রনি, হাজী ফারুক মিয়া এবং সমাজসেবী হীরু কোরেশী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট মশাহিদ মিয়া, পাগলা গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের পরিচালক আব্দুল আউয়াল, হাজী মতছিন আলী, আহমেদুল কবির, অনলাইন অ্যাক্টিভিস্ট আক্তার মিয়া, ইয়াকুব শরীফ, আব্দুল আউয়ালসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
দ্বৈত নাগরিকদের নির্বাচনী অধিকার নিশ্চিতের দাবি
সভায় বক্তারা দ্বৈত নাগরিকত্বধারী প্রবাসী বাংলাদেশিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সুপারিশের সমালোচনা করেন। তারা এ ধরনের সুপারিশকে গণতান্ত্রিক চেতনার পরিপন্থী এবং প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক অধিকারের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন।
বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকারও নিশ্চিত করা প্রয়োজন।
তারা নির্বাচন কমিশনের ওই সুপারিশ বাতিলের আহ্বান জানিয়ে দ্বৈত নাগরিকত্বধারী বাংলাদেশিদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের অধিকারী বাংলাদেশিদের অংশগ্রহণের সুযোগ অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক করার দাবি
সভায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার দাবিও জোরালোভাবে তুলে ধরা হয়।
বক্তারা বলেন, সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন। তাদের যাতায়াতের সুবিধা এবং সিলেট অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন।
তারা বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজ, এমিরেটস, সৌদিয়া, কুয়েত এয়ারওয়েজসহ অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পরিচালনার সুযোগ সৃষ্টির দাবি জানান।
এ বিষয়ে বর্তমান সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সিলেটের প্রবাসী জনগোষ্ঠীর দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
সভায় সাংবাদিকতা, প্রবাসী বাংলাদেশিদের অধিকার, গণতন্ত্র এবং সিলেট অঞ্চলের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
