সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতাল প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আগামীকাল সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন কর্মবিরতিতে থাকা ইন্টার্ন চিকিৎসকরা।
রোববার দুপুরে হাসপাতাল প্রশাসনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তারা। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে প্রথম দফা বৈঠক অনুষ্ঠিত হলেও তা ফলপ্রসূ হয়নি।
ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি মাহমুদুল হাসান সাদিক জানান, দুপুরের বৈঠকে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাৎক্ষণিক প্রশাসনিক সহযোগিতা এবং অন্যান্য দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বাস দেওয়ায় কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে সিওমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো গুরুত্বসহকারে আলোচনা করা হয়েছে। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তারা সোমবার সকাল থেকে কাজে ফিরবেন।
এরই মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি হাসপাতালের পক্ষ থেকে কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে হাসপাতালের চতুর্থ তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে রোগী ও স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। চিকিৎসায় অবহেলার অভিযোগকে কেন্দ্র করে একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষ। এতে অন্তত চারজন আহত হন। পরে পুলিশ রোগীর তিন স্বজনকে আটক করে। ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন।
